খুলনায় জাতীয় শোক দিবস ১৫ আগস্টের অনুষ্ঠানে বক্তৃতা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করার অভিযোগ তিনজনকে শোকজ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা বিএনপি’র সদস্য মো. দিদার হোসেন ও তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইকরাম হোসেন জমাদ্দার।
শনিবার (২০ আগস্ট) আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি বিএনপি’র কর্মসূচিতে পাইকগাছা থেকে খুলনা আসার পথে পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুর মজিদ এবং সিনিয়র নেতা আ. মজিদ গোলদারের সঙ্গে নেতা-কর্মীদের সামনে গালাগালসহ অসৌজন্যমূলক আচরণ করেন এসএম এনামুল হক। পরে সাত আগস্ট কৃষকদলের কর্মসূচিতে নেতাকর্মীরা খুলনা শহরে এলে ফেরিঘাট মোড়ে কৃষক দলের সভাপতি মেছের আলীকে নেতাকর্মীদের সামনে গালাগালসহ মারতে উদ্যত হন তিনি।
তার বিরুদ্ধে অভিযোগ, এর আগেও তিনি খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিতে নেতাদের সঙ্গে অসদ আচরণ করেন। কিন্তু সতর্ক করা হলেও তিনি শৃঙ্খলা ভঙ্গ করেন।
এদিকে জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো. দিদার হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর শোক অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। বিএনপি মনে করে, দায়িত্বশীল পদে থেকে এ রূপ আচরণ দলের গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।
আরও পড়ুন: ২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি
অপরদিকে তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইকরাম হোসেন জমাদ্দারের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে।
পরে কেনো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে সাতদিনের সময় দিয়ে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবর জবাব দিতে বলা হয়েছে।
একাত্তর/এসি
