বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের পছন্দ নয়। একই সঙ্গে আরও কারো কারো পছন্দ নয়। কিন্তু যে স্লোগান জনগণ পছন্দ করে, সেই স্লোগান আমি দিয়েই যাবো, খেলা হবে।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। আমাদের নেতাকর্মীরা মহানগর জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট সড়কে শেখ হাসিনার ভিত্তি প্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়েছে। তারা আগুন, লাঠি নিয়ে আসবে এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যান ফখরুল বলে খাঁচা।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
উদ্ভোধনী বক্তৃতায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।
আরও পড়ুন: নভেম্বরে মূল্যস্ফীতি কমে আট দশমিক ৮৫ শতাংশ

সম্মেলনে বর্তমান জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি হিসেবে ঘোষণা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ভোটা গ্রহণ অনুষ্ঠিত হবে।
একাত্তর/এসি
