বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি মাসে দাম সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সঙ্গে খুচরা চালাকিমাত্র।
শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা জানানোর পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার দাবিও জানিয়েছেন।
ফখরুল বলেন, সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাইম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে কৃষি সেচে, কল-কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।
বিএনপি মহাসচিব বলেন, চাল-ডাল-তেল-চিনিসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রায় ব্যয় যখন লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যখন মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই, তখন সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত মড়ার ওপর খাঁড়ার ঘা। মাত্র দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে কৃষি সেচে, কলকারখানা উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য গয়েশ্বরের
বিদ্যুতের দাম কমনোর দাবিতে ১৬ জানুয়ারি ঢাকাসহ উপজেলায় সমাবেশ-মিছিলের কর্মসূচিতে জনসাধারণসহ নেতা-কর্মীদের প্রতিবাদ জানানোর আহবানও জানান তিনি।
বৃহস্পতিবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে গ্রাহক পর্যায় বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হবে।
একাত্তর/এসি
