নৌকার ঘাঁটি হিসাবে পরিচিত জামালপুর-৩ আসন। মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৯৯১ থেকে সবগুলো আলোচিত নির্বাচনে জিতেছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম। দলে তিনি একাই প্রার্থী। নেতা কর্মীরা বলেন, এমনিতেই তিনি জনপ্রিয়। তার ওপর এলাকায় যে পরিমান উন্নয়ন তিনি করেছেন তাতে জয় না পাওয়ার কোন কারণ নেই ।
যদিও জাতীয় পার্টি এবং বিএনপি প্রার্থীরা জানান, দ্রব্যমূল্য এবং নদীভাঙন প্রতিরোধ না করতে পারায় এবার ভোট ব্যাংকে ফাটল ধরবে। আর দল দুটি নির্বাচনে গেলে এই দুই ইস্যুকে সামনে এনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যদিও বিএনপি নেতারা বলছেন, এখন তাদের কাছে আন্দোলনই মূখ্য।
এক সময় মাদারগঞ্জ উপজেলা থেকে জেলা সদরে যেতে সময় লাগতো দুই থেকে তিন ঘণ্টা। জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়ক ও বড় কয়েকটি সেতু নির্মাণ হওয়ায় এখন সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। এছাড়াও মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় আরও কয়েকটি উন্নয়ন কাজ চলছে ।
এরই মধ্যে শেষ হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পল্লী উন্নয়ন একাডেমি, পাট গবেষণা উন্নয়ন কেন্দ্র, মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরি সার্ভিস, জুট টেক্সটাইলস মিল, গ্যাস ফিল্ড অনুসন্ধান প্রকল্প, চরাঞ্চলের রাস্তা পাকাকরণ ও সেতু নির্মাণ।
এসব প্রকল্প পুরোপুরি চালু হওয়ার পর কাজ পাওয়ার আশায় আছেন বহু মানুষ। তবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি এবং যমুনার ভাঙন নিয়ে অস্বস্তির কথা জানান ভোটারা। ভোটারারা আরও জানান, এরিমধ্যে তাদের কাছে আসতে শুরু করেছেন প্রার্থীরা। তারাও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে প্রস্তুত।
আওয়ামী লীগ এবং বিএনপিতে প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার অবকাশ নেই। এই আসনে আওয়ামী লীগের ছয়বার নির্বাচিত এমপি মির্জা আজম এবারও ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন কাজের জন্য মানুষ এবারও তাদের ভোট দেবেন।
অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ নিলে দলটি থেকে মির্জা আজমের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন মোস্তাফিজুর রহমান বাবুল। এ আসনে জাপাতেও মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা হবে না। কারণ জাপা নেতা মীর সামসুল আলম লিপটন এ আসনে দল থেকে মনোনয়ন পাবেন বলে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।
আসনটি বহু আগে থেকেই ‘নৌকার ঘাঁটি’ হিসেবে পরিচিত। মির্জা আজম এ আসন থেকে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন। ওই সময় বিএনপি সরকার গঠন করেছিলো। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও এ আসন থেকে মির্জা আজমই বারবার এমপি নির্বাচিত হয়ে আসছেন।
মির্জা আজমের একক নেতৃত্বে এই দুই উপজেলায় আওয়ামী লীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। আর এ কারণেই আসনটি এখন ‘মির্জা আজমের ঘাঁটি’ হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মনোনয়ন অনেকটাই নিশ্চিত।
মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমার প্রিয় দল আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে অনেক উন্নয়ন করেছি। সারা দেশের ন্যায় জামালপুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই আসন থেকে এবারও আমি নির্বাচনে অংশ নেব।
অন্যদিকে বিএনপি নির্বাচনে গেলে এ আসনে এবারও ভোটের মূল লড়াইয়ে মুখোমুখি হতে পারেন বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, নব্বইয়ের গণ-আন্দোলনের সাবেক ছাত্রনেতা ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল।
বিএনপি আন্দোলনে থাকলেও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল আগাম মাঠ গোছাতে এলাকায় সাংগঠনিক কার্যক্রম এবং জনসংযোগ অব্যাহত রেখেছেন। এ আসনে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ছাড়া দলের অন্য কোনো নেতার নির্বাচনে মনোনয়ন নিয়ে কোনোরূপ রাজনৈতিক তৎপরতা নেই।
বাবুল বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে না। বর্তমান সরকারের আমলে ভোটের কোনো পরিবেশ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে বিএনপি রাজপথে রয়েছে। তাই আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন। আসনটি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৭৪১ জন।
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৮৪ জন। অর্থাৎ দুই উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা মিলে এ আসনের মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ২৫ জন।
একাত্তর/এসি
জামালপুর-১: বড় দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি
জামালপুর-২: উন্নয়নে ভরসা নৌকার, ফিরে পেতে মরিয়া ধানের শীষ