লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন তার প্রাথমিক চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং তার সফরসঙ্গী ডা. আল মামুন ওভার গণমাধ্যমকে জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন।

এর আগে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছে সরাসরি লন্ডন ক্লিনিকে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে (রেঞ্জ রোভার) খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি তারেক নিজেই চালাচ্ছেন। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানান।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর দেখা হয় মা-ছেলের। খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিএনপি চেয়ারম্যানকে ভিআইপি প্রটোকল দেয়।

বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। প্রায় সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাতের ঘটনায় হিথ্রোতে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।

লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ ৮ ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রা বিরতি করেন বিএনপি চেয়ারপারসন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে।

এর মধ্যে কয়েকবার তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করে আদালত। এরপরই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর