সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দেয়া হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা, তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেছেন, প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে; মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না।
বুধবার বিকাল গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য দেখা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হলো- এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা- সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন।
নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের দেওয়া টাইমলাইন ডিসেম্বর থেকে জুনের বিষয়টিতে আমাদের সমর্থন রয়েছে বলে তাদের অবহিত করেছি। তবে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না।
নাহিদ বলেন, তাদের জানিয়েছি মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন না করে নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, তা বিবেচনাধীন থাকবে।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এসব বিষয়গুলোর কথা আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে।
আরেক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কোনও কথা হয়নি। তবে দলটির বিচারের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই আছে জাতীয় নাগরিক পার্টি।
নাহিদ বলেন, তারা আমাদের অর্থনৈতিক পলিসি জানতে চেয়েছেন। আমরা কী ধরনের বাণিজ্যিক পরিবেশ চাই, তা তাদের জানিয়েছি। ক্ষমতায় গেলে আমরা কী ধরনের ব্যবস্থা নিতে চাই, তা তুলে ধরেছি। মার্কিন অতিথি সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি।
মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ সাক্ষাতে নাহিদসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অন্যরা হলেন- দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
প্রধান উপদেষ্টাকে দেয়া চিঠিতে বিএনপি যা বলেছে
ডিসেম্বরে নির্বাচন ধরে সংলাপে যেতে চায় ইসি
আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত