রাষ্ট্রের কাঠামোগত কনো পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন প্রত্যাখান করবে বলে জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন।
পরের দিন রোববার ওই সভায় নাহিদ ইসলামের বক্তব্য ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করবো।
নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থান বাংলাদেশের আগের যে কোনো গণআন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। তরুণদের উত্থান ঘটেছে।
তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে। কোথাও বাধাগ্রস্ত হয়েছে। এখন একটা অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়েছে যে সংস্কার হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।
