বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে তিনটায় চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার ভোরে বেগম জিয়ার মৃত্যুর পর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এছাড়া, তাঁর মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জানাজা ও দাফন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। জানাজা হবে বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেল ৩টা ৩০ মিনিটে চন্দ্রিমা উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
জানাজায় কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। এছাড়া রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কারণে দাফনস্থলে সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি।” উপদেষ্টা পরিষদের সভায় তিনি সেনাসদরে বেগম জিয়ার সঙ্গে তাঁর শেষ আলাপের স্মৃতিচারণ করেন এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদানকে ‘অবিনশ্বর’ বলে উল্লেখ করেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস ও হাইকমিশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হবে। বিদেশিরা যাতে এই বরেণ্য নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে অংশ নেন। তিনি খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে জানাজা ও দাফন সংক্রান্ত পরিকল্পনাগুলো সরকারকে অবহিত করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশবাসীকে জানাজা ও দাফনে যথাযথ সম্মান প্রদর্শন এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারম্যান এবং তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণিল অধ্যায়ের অবসান ঘটলো।
