বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। বিশ্ব সংস্থাটি এই প্রবীণ নেত্রীর প্রয়াণে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। একই সাথে বাংলাদেশের জনগণের এই অপূরণীয় ক্ষতিতে সংস্থাটি বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
খালেদা জিয়ার বর্ণিল রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, বুধ থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া। বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। জাতিসংঘের এই শোকবার্তায় আন্তর্জাতিক অঙ্গনে তাঁর গুরুত্ব ও মর্যাদার বিষয়টি পুনরায় প্রতিফলিত হয়েছে।
সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে। বেগম জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।
বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও একটি শোকাতুর পরিবেশ তৈরি করেছে। জাতিসংঘের এই শোকবার্তা এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ের সিদ্ধান্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক লড়াই ও নেতৃত্বের প্রতি এক অনন্য সম্মান।
