বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত প্রকাশ্যে এলে সরকারি দল হিসেবে বিএনপি তা রাজপথে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের ‘এক দফা’ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিরোধী দল যে চক্রান্ত করছে, তা তাদের বক্তব্যেই স্পষ্ট। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে দেবে আর সরকারি দল হাত গুটিয়ে বসে থাকবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে বিগত স্বৈরাচারের মতো বিরোধী দলকে দমনে বিশ্বাসী নয় বিএনপি। জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
দেশে কৃত্রিমভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে মানুষের দৃষ্টি ভিন্নখাতে সরানোর ষড়যন্ত্র চলছে।
রুহুল কবির রিজভী বলেন, সরকার জনগণের স্বার্থে চিকিৎসাব্যয়ে ভ্যাট কমানোসহ একাধিক স্বস্তিদায়ক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এসব জনকল্যাণমুখী উদ্যোগ থেকে চোখ সরিয়ে দিতেই অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। মনে হচ্ছে, নতুন নতুন স্বৈরাচার ভূগর্ভে তৈরি হচ্ছে এবং তাদের সঙ্গে পলাতক ফ্যাসিবাদের হাত মেলানোর আলামত পাওয়া যাচ্ছে।
বিশ্বের সার্বিক পরিস্থিতি ও জ্বালানি সঙ্কট প্রসঙ্গে রিজভী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যতো জটিল হচ্ছে, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটও ততো গভীর হচ্ছে। এটি কোনো সরকারের তৈরি করা সঙ্কট নয়, বরং একটি আন্তর্জাতিক পরিস্থিতি। সরকার বিকল্প উপায়ে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ বিএনপিকে জড়িয়ে দিনরাত অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশবিরোধী ও পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি এবং এর সব অঙ্গ-সহযোগী সংগঠন শিগগিরই রাজপথে সক্রিয় হবে এবং নানা কর্মসূচি পালন করবে।
