কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি বা রেফারেন্স পেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় পদ ও সদস্যপদ নিয়ে সম্প্রতি তৈরি হওয়া আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে তার এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই। সংবিধানে স্পষ্ট বলা আছে—দল থেকে পদত্যাগ করলে এমপি পদ হারানোর সুযোগ রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ থাকবে। এরপরও জামায়াত যদি এ বিষয়ে ইসিকে কোনো চিঠি দেয়, তাহলেও কমিশনের সরাসরি কিছু করার নেই। তবে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে রেফারেন্স বা চিঠি এলে ইসি বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ভাবনার কথা জানান। তিনি বলেন, ইসি স্থানীয় সরকার নির্বাচন শুরুর ক্ষেত্রে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দিচ্ছে। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এসব নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে কমিশন।
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে ইসির কোনো দূরত্ব নেই। আবহাওয়া, শিক্ষার্থীদের সরকারি পরীক্ষাসহ আনুষঙ্গিক নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
