জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, আমীর হোসেন আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
রোববার (৪ অক্টোবর) জুলাই অভ্যুত্থান-পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরপূর্তিতে মামলা ও বিচারকাজের সার্বিক অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এসময় প্রসিকিউটর তামিম জানান, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বৃদ্ধির আর্জি জানিয়ে চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আপিল করা হবে।
একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়ে প্রসিকিউটর বলেন, এই দুই বছরে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ সাতটি মামলার রায়ে ফাঁসির রায় হয়েছে ২৩ জনের বিরুদ্ধে। যাবজ্জীবনসহ কারাদণ্ডসহ ৬৮ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটর আরও উল্লেখ করেন, সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে।
