চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জন্ম হচ্ছে নানা ঘটনার। কখনো বিতর্ক, কখনো ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সবকিছু ছাপিয়ে এবারে বেশ কিছু ছবি জয় করে নিয়েছে সবার মন।
ম্যাচ শেষে ভিরাট কোহলির রিজওয়ানকে জড়িয়ে ধরা কিংবা ক্রিস গেইলের মার্শের কাঁধে চড়া, সব কিছুই নজর কেড়েছে।

বিশ্বকাপ শুরু হতে না হতেই একের পর ঘটে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। কখনো বা ডি ককের হাঁটু মুড়ে বসতে না চাওয়া। কখনো মোহাম্মদ শামীর পাশে দাঁড়ানোয় ভিরাট কোহলির ছোট্ট কন্যাকে হুমকি দেয়া, কখনোবা পাকিস্তানকে সাপোর্ট করায় শিক্ষার্থীর গ্রেফতার হওয়া। এসব দৃশ্যের সামনে যেনো দূষিত হয়ে পড়ছিলো ক্রিকেটীয় পরিবেশ।
নিকষ কালো রাতের পরেই তো আসে সকালের মিষ্টি রোদ। তেমনি করে এসব ঘটনা ছাপিয়ে ক্রিকেটাঙ্গনেও এসেছে অনিন্দ্য সুন্দর দিন।
পাকিস্তানের কাছে কী বাজে ভাবেই না হেরেছে দল। তবে যার জন্য এই লজ্জার হার ম্যাচে শেষে কিনা সেই রিজওয়ানকেই বুকে টেনে নিলেন ভিরাট কোহলি।
আরও পড়ুন: শেষ চারে নিউজিল্যান্ড, আফগান ও ভারতের স্বপ্নভঙ্গ
এ তো বিশ্ব ক্রিকেটের অভূতপূর্ব অনন্য এক ছবি। যেনো এক মুহূর্তেই খুলে গেলো কাঁটা তারের বেড়ি, ভেঙে পড়লো লাইন অফ কন্ট্রোল। এটাই তো ক্রিকেটীয় স্পিরিট।
সেই পাকিস্তান এবার হারালো প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা চমক দেখানো নামিবিয়াকে। ম্যাচ শেষে পুরো পাকিস্তান টিম পৌঁছে গেলো ছোট্ট দলটার ড্রেসিংরুমে। টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স করায় জানিয়েছে অভিনন্দন, শুভকামনা।

এরপরের ছবিটা আবারো টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে যেতে হলে স্কটল্যান্ড হারাতেই হতো আর সেটা বড় ব্যবধানে। হারিয়েছে এরপর ভিরাট, রোহিতরা চলে গেলেন স্কটিশদের কাছে।
মেন্টর ধোনি কিংবা অশ্বিনদের পেয়ে যেনো ওরা শিখে নিতে চাইলো আসছে যুদ্ধ জয়ের কৌশল।
আরও পড়ুন: আহমেদাবাদের কোচ হতে যাচ্ছেন রবি শাস্ত্রী!
নিশ্চিত পরাজয় উইন্ডিজদের। কিন্তু হঠাৎ করেই যেনো মাঠের সিরিয়াস চেহারাটা বদলে গেলো গেইলিয় ঢংয়ে। কখনো মার্শের কাঁধে চড়ে বসা, কখনো ফিল্ডিংয়ের ফাঁকে ওয়ার্নারের সাথে হাসি ঠাট্টায় মাতা।

হ্যাজেলউডকে পেয়ে ক্ষণিকের জন্য বাংলার তাসকিনও তো সব ভুলে বনে গেলেন ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্রে।
এই ছবিগুলো আলাদা হলেও মন্ত্র কিন্তু একটাই, নিখাদ ভালবাসা। কে হেরেছে কে জিতেছে সেসব দেখছে না কেউ, এরা সবাই যে জিতে নিয়েছে মন।
এমনটাই তো দেখতে চায় প্রতিটা ক্রিকেট প্রেমী। ঘৃণা নয় এমনি করে ছড়িয়ে পড়ুক শান্তির আর ভালোবাসার সুবাতাস। ক্রিকেট যে সত্যিই ভীষণ সুন্দর। হেরেও জিতেছে সবার মন।
একাত্তর/এসজে
