অবশেষে নিজের জাত চেনালেন মিচেল স্টার্ক। কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতিয়ে দিলেন দলকে। কলকাতার হয়ে স্টার্ক মাত্র তিনজন বোলারের একজন যিনি এক ম্যাচে নিয়েছেন চার বা তার বেশি উইকেট। স্টার্কের অনবদ্য পারফর্ম্যান্সে ১২ বছর পর মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারালো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা বনাম মুম্বাই ম্যাচ নাম লেখালো বিরল এক ইতিহাসের পাতায়।
জাস্টিস ফর বোলার্স... এবারের আইপিএলে নিজেদের অস্তিত্ব রক্ষায় এমন আকুতি যেন ছিলো বিশ্বসেরা বোলাররা কণ্ঠে। ১৭ নম্বর আসরে যেন বোলারদের জন্য কিছুই নেই। তবে দেরিতে হলেও অবশেষে শুরু হলো বোলারদের রাজ।
যেখানে আড়াইশ’ রান করেও ম্যাচ জেতানো কঠিন সেখানে কিনা ১৬৯ রানে অলআউট হয়ে গেলো কলকাতা নাইট রাইডার্স। তবে খেলা জমে ওঠে মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময়, ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫ রানে অলআউট হলো মুম্বাই ইন্ডিয়ান্স। বোলারদের অনবদ্য পারফর্ম্যান্স এই ম্যাচে অলআউট হলো দু’দল। আর এরই সাথে মুম্বাই-কলকাতা ম্যাচটা জায়গা করে নিলো আইপিএলের ইতিহাসের বিরল তালিকায়। কারণ ১৭ বছর বয়সী আইপিএলে এমন ঘটনা ঘটলো কেবল চারবার।
প্রথমবার এই ঘটনা ঘটেছিল ২০১০ সালে নাগপুরে দিল্লি বনাম রাজস্থান ম্যাচে। দ্বিতীয় ঘটনা ঘটে প্রথম ঘটনার ৭ বছর বাদে।
২০১৭ সালে কলকাতাতে নাইট রাইডার্স বনাম আরিসিবি ম্যাচে। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে এই ঘটনা ফের ঘটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে অলআইট হয় দু’দল। তালিকায় সর্বশেষ জায়গা করে নিলো ২০২৪ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই বনাম কলকাতার এই ম্যাচটি।
এই ম্যাচেই ওয়াংখেড়েতে কাটলো ১২ বছরের খরা। মুম্বাইয়ের মাটিতে অবশেষে মুম্বাইকে হারানোর স্বাদ পেল কলকাতা। আইপিএলের ১৬ বছরের ইতিহাসের আগে মাত্র একবারই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিততে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। সেটা সেই ২০১২ সালে।
যার জন্য ঘটলো এই অসাধ্য সাধন সে আর কেউ নয় আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক। যাকে ঘিরে সিজন জুড়ে চলছে সমালোচনা সেই স্টার্ক খুললো দুর্ভাগ্যের গেরো। এই অজি পেসারের বদৌলতে ম্যাচ জিতলো কলকাতা নাইট রাইডার্স। এদিন ৩.৫ ওভার বল করে ৩৩ রান দিয়ে নিয়েছেন চার চারটি উইকেট।
শুধু তাই নয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে মুম্বাইয়ের বিপক্ষে যেসব বোলাররা এক ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন তাদের তালিকায় নিজের নাম যুক্ত করলেন স্টার্ক। স্টার্ক ছাড়া এই তালিকায় আছেন মোটে দুইজন। একজন সুনীল নারিন। আরেকজন আন্দ্রে রাসেল। ঠিক সময়ে ঠিক জ্বলে উঠলেন স্টার্ক। ওই যে বলে না বড় ম্যাচের বড় প্লেয়ার।
ভারত শিরোপার অন্যতম দাবিদার: কুমার সাঙ্গাকারা