বয়সটা শুধুই একটা সংখ্যা, কথাটা আবার প্রমাণ করলেন কেপ ভার্দির ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই বেশি পরিচিত! সদ্য সমাপ্ত বিশ্বকাপে একটার পর একটা বিষ্ময়কর সেভ দিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো এই আফ্রিকান প্রাচীরের এবার নতুন ঠিকানা লাতিন আমেরিকার দেশ চিলি। দেশটির সবচেয়ে বড় ও প্রভাবশালী ফুটবল ক্লাব ‘কলো কলো’ দলে ভিড়িয়েছে বিশ্বকাপ মাতিয়ে দেয়া এই অভিজ্ঞ ফ্রি-এজেন্টকে।
বিশ্বকাপে শিরোপাজয়ী স্পেন কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো পরাশক্তিগুলোর একের পর এক নিশ্চিত গোল রুখে দিয়ে রাতারাতি তারকা বনে যান ভো জিনহা। বিশ্বকাপের আগে ক্লাবহীন এই গোলরক্ষক আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দিকে একাই টেনে তুলেছিলেন নকআউট পর্বে।
শেষ ৩২-এর লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলেও, ম্যাচজুড়ে ভো জিনহার চোখধাঁধানো পারফরম্যান্স সবার মন জয় করে নেয়। ফুটবল সেনসেশন হওয়ার চাক্ষুষ প্রমাণ মেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে- বিশ্বকাপ শুরুর আগে যার অনুসারী ছিল ৫০ হাজারের নিচে, টুর্নামেন্ট শেষে তা এক লাফে পৌঁছে গেছে প্রায় ২ কোটি ৯০ লাখে!

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কলো কলো ক্লাব কর্তৃপক্ষ উচ্ছ্বাসের সাথে পোস্ট করে, স্বাগতম! আমরা তোমার পথ চেয়ে অপেক্ষায় আছি। টানা তিনবার বিশ্বকাপ থেকে চিলির বাদ পড়ার শোকে থাকা পুরো দেশের ফুটবলপ্রেমীদের মাঝে এই এক পোস্টেই আগুন ছড়িয়ে পড়েছে!
কলো কলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ব্লাঙ্কো ওয়াই নেগ্রো'-র সভাপতি আনিবাল মোসা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, চুক্তির আনুমানিক মেয়াদ ১৮ মাস। খুব শিগগিরই রাজধানী সান্তিয়াগোর ঐতিহ্যবাহী 'এস্তাদিও মনুমেনতাল' স্টেডিয়ামে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজকীয় ভঙ্গিতে তাঁকে ক্লাবের নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
চল্লিশ স্পর্শ করা বয়সে যেখানে বেশিরভাগ ফুটবলারই বুট জোড়া তুলে রেখে অবসর জীবন কাটান, সেখানে বিশ্বকাপ মাতিয়ে নতুন চুক্তি বাগিয়ে নেওয়া- ভোজিনহা যেন সত্যিই এক রূপকথার গল্প লিখে চলছেন!
তথ্যসূত্র: ইএসপিএন
