বিমানবন্দর, রেলস্টেশন কিংবা প্রিয় ক্যাফেতে বসে কয়েক ট্যাপেই ফ্রি ওয়াই-ফাইয়ে জুড়ে যাওয়ার লোভ সামলানো বেশ কঠিন; বিশেষ করে মোবাইল ডেটা বাঁচানোর তাগিদ থাকলে তো কথাই নেই। কিন্তু বিনামূল্যের সেই এক ক্লিকের সুবিধাই যে কখন আপনার পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য বা ব্যক্তিগত গোপনীয়তা সাইবার অপরাধীদের হাতে তুলে দিচ্ছে, তা অনেকেই টের পান না।
চলতে-ফিরতে কাজ করা, কেনাকাটা বা লেনদেনের অভ্যাসে পাবলিক ওয়াই-ফাই এখন দৈনন্দিন জীবনের অংশ হলেও, খোলা আকাশের নিচে ছড়িয়ে থাকা প্রতিটি ফ্রি নেটওয়ার্কই নিরাপদ নয়; কিছু নেটওয়ার্ক দুর্বল নিরাপত্তায় চলে, আবার কিছু পাতা হয় বিশেষ উদ্দেশ্যে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ হিসেবেই।

সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে ভুয়া ওয়াইফাই হটস্পটে। সাইবার অপরাধীরা আসল ক্যাফে, হোটেল বা বিমানবন্দরের নামের কাছাকাছি নাম দিয়ে নকল নেটওয়ার্ক খুলে বসে, আর অসতর্ক ব্যবহারকারী সেটিকে আসল ভেবে জুড়ে যান। সেই নেটওয়ার্কের ভেতর দিয়ে চলাচল করা ডেটায় নজরদারি করে পাসওয়ার্ড, ব্যক্তিগত বিবরণ কিংবা ব্যাংকিং তথ্য হাতিয়ে নেয়া কঠিন কিছু নয়, আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আক্রমণের কৌশল আরও নিখুঁত হওয়ায় সাধারণ ব্যবহারকারীর পক্ষে আসল-নকল চেনা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
কুইক হিল টেকনোলজিসের সিইও হরিশ কুমারের মতে, খোলা নেটওয়ার্কের ঝুঁকি মানুষ প্রায়ই হালকাভাবে নেয়; তাই সংযোগ দেওয়ার আগে প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে সঠিক নেটওয়ার্কের নাম যাচাই করা, ব্যাংকিং লেনদেন এড়িয়ে চলা, বিশ্বস্ত ভিপিএন ব্যবহার করা, অটো-কানেক্ট বন্ধ রাখা, ডিভাইস আপডেট রাখা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার মতো অভ্যাস গড়ে তোলা জরুরি।

ঝুঁকি শুধু পাসওয়ার্ড চুরিতেই আটকে নেই, গোপনীয়তা হারানোর মতো বড় মাশুলও গুনতে হতে পারে। এমফিল্টারইটের বিজনেস ইউনিট হেড বরুণ গ্রোভার সতর্ক করেছেন, যেসব ওয়েবসাইট বা সেবা যথাযথভাবে ডেটা এনক্রিপ্ট করে না, সেখানে ঢুকলে অরক্ষিত ট্রাফিক থেকে কার্ডের তথ্য ও ব্যক্তিগত ডেটা হাতিয়ে নিয়ে পরিচয় চুরি বা আর্থিক প্রতারণা ঘটানো সম্ভব; তাই সম্ভব হলে মোবাইল ডেটা বা পরিচিত নেটওয়ার্কেই ভরসা রাখা বুদ্ধিমানের কাজ।
বিশেষ করে পাবলিক ওয়াইফাইয়ে ডিজিটাল পেমেন্ট বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার বিষয়ে ডেলকম টেলিসিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্র সিংয়ের পরামর্শ স্পষ্ট, ফ্রি ওয়াই-ফাইকে সাধারণ ব্রাউজিংয়ের সুবিধাতেই সীমাবদ্ধ রাখুন। ব্যাংকিং লেনদেন, আর্থিক হিসাব, জরুরি নথি বা সংবেদনশীল ইমেইল খোলার সময় মোবাইল ডেটা কিংবা পার্সোনাল হটস্পটে সরে যাওয়াই নিরাপদ, আর প্রতিটি পাবলিক ওয়াইফাই বিপজ্জনক না হলেও যাচাই না করে অচেনা নেটওয়ার্কে ঢোকাই আসল বিপদ ডেকে আনে।

নিরাপদ থাকতে চাইলে যে ফ্রি ওয়াই-ফাই একেবারেই ছাড়তে হবে, এমন নয়; কয়েকটি সহজ সতর্কতাতেই ঝুঁকি অনেকটা কমানো যায়। সংযোগ নেয়ার আগে নাম যাচাই করা, আর্থিক লেনদেনে মোবাইল ডেটা ব্যবহার করা, বিশ্বস্ত ভিপিএন চালানো, ফোনের অটো-কানেক্ট সুবিধা বন্ধ রাখা, অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট নিয়মিত দেয়া, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রাখা এবং কাজ শেষে অ্যাকাউন্ট লগআউট করে নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসা, এই ছোট ছোট অভ্যাসের ওপরই দাঁড়িয়ে আছে আপনার ডিজিটাল সুরক্ষা। দিনশেষে ফ্রি ইন্টারনেটের মোহ যেন আপনার নিরাপত্তাকে বিপদে না ফেলে, সে খেয়াল রাখাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা।
