ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অনুমতি ছাড়াই তাদের ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার দায়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ইতালি।
শনিবার দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এই বিশাল অঙ্কের জরিমানার ঘোষণা দেয়। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ইতালীয় কর্তৃপক্ষের আরোপ করা অন্যতম সর্বোচ্চ জরিমানা এটি।
ইতালীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করেছিল মেটা। কিন্তু এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং তাদের এ বিষয়ে স্পষ্টভাবে জানানোও হয়নি।
মূলত ২০২৩ সাল থেকে চালু হওয়া ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ ফিচারটি ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারি থেকে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও নিয়ে পোস্ট করার পরামর্শ দেওয়া হতো।
নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমোদনের মাধ্যমেই ফোনের গ্যালারিতে প্রবেশের সুযোগ নিয়ে নেয়। এর আগে অন্য কিছু ফিচার চালুর জন্য একটি সাধারণ নোটিশ দেখানো হতো, যা দেখে ব্যবহারকারীরা বুঝতেই পারতেন না যে তারা আসলে নিজেদের ফোনের গ্যালারি ব্যবহারেরও অনুমতি দিয়ে দিচ্ছেন।
এখন থেকে মেটাকে এই নির্দিষ্ট ফিচারটির জন্য আলাদা ও সুস্পষ্ট অনুমতি নিতে হবে। পাশাপাশি এটি কী কাজে ব্যবহৃত হবে, ফোনের গ্যালারিতে প্রবেশ করবে কি না এবং কীভাবে এটি বন্ধ করা যায়—তাও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
জরিমানার অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে ইতালীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের বিশাল সংখ্যা, ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এর শিকার হয়েছেন। এ ছাড়া দীর্ঘ সময় ধরে এই নিয়ম লঙ্ঘন চলা, যারা এখনো অ্যাপ আপডেট করেননি বা আগে অনুমতি দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে ঝুঁকি অব্যাহত থাকা এবং তদন্ত চলাকালীন মেটার অসহযোগিতামূলক আচরণকেও আমলে নেওয়া হয়েছে।
২০২৫ সালে মেটার বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। সেই বিশাল আয়ের প্রায় ০ দশমিক ৪ শতাংশ সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে ধরা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবরের শেষ দিকেও যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে তথ্য ব্যবহারের বিষয়ে বাসিন্দাদের এক দশকেরও বেশি সময় ধরে বিভ্রান্ত করার দায়ে মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল, যাকে মেটা ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর’ বলে সমালোচনা করেছিল।
ইতালিতে এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করা হয়েছিল, যা পরবর্তীতে আপিলের পর কমে ৭৫২ মিলিয়ন ইউরোতে দাঁড়ায়। মেটাও এই নতুন জরিমানার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। তবে শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: টেক ওয়ার্ল্ড-ইউরো নিউজ
