যুদ্ধের মধ্যেই সাঁতরে হরমুজ পাড়ি দিলেন ব্রিটিশ সাঁতারু!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ এএম

চারপাশে যুদ্ধবিমানের কানফাটা গর্জন, চার কিলোমিটার দূরেই দাউদাউ করে জ্বলছে হামলার শিকার হওয়া তেলবাহী ট্যাংকার, আর পানির ওপরেও ভাসছে আগুনের গোলা, এমন কোনো হলিউড অ্যাকশন সিনেমার সেটে নয়, বরং সত্যিকারের যুদ্ধক্ষেত্রের নোনা জলে শুধুই একটা সুইমিং ট্রাঙ্ক, গগলস আর জাতিসংঘের লোগো আঁকা ক্যাপ পরে নেমে পড়েছিলেন ৫৬ বছর বয়সী ব্রিটিশ সাঁতারু লুইস পিউ।


উত্তর মেরুর বরফগলা পানি কিংবা অ্যান্টার্কটিকার হিমশীতল স্রোত, এমনকি গ্রেট হোয়াইট শার্কের মুখোমুখি হওয়াও যার কাছে পুরোনো গল্প, সেই মানুষটিই এবার সাঁতরে পাড়ি দিলেন পৃথিবীর অন্যতম উত্তপ্ত ও বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালি। উদ্দেশ্য একটাই- ইরান যুদ্ধের বারুদে কীভাবে তিলে তিলে ধ্বংস হচ্ছে সাগরের নিরীহ প্রাণিকুল আর প্রকৃতি, বিশ্বকে তা চোখে আঙুল দিয়ে দেখানো।

১৫ নভেম্বর ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে যাত্রা শুরু করে ১৮ নভেম্বর কেপ অব হরমুজ ঘুরে মোট ১৫ কিলোমিটার (প্রায় ৯.৩ মাইল) পথ পাড়ি দিয়েছেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির এই ‘প্যাট্রন অব দ্য ওশানস’। যুদ্ধ শুরুর পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই প্রণালিতে দীর্ঘ দূরত্বের সাঁতারের সাহস দেখালেন। তবে অভিজ্ঞতাটা ছিল রীতিমতো হাড়হিম করা।


লন্ডনে ফিরে এপিকে পিউ শোনালেন সেই ভয়ংকর মুহূর্তের কথা, সোমবার পানিতে নামার কয়েক মিনিটের মধ্যেই দুটো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সাগর। মাথা তুলে দেখেন, মাত্র চার কিলোমিটার দূরে একটি অয়েল ট্যাংকারে হামলা হয়েছে, আর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান।

দ্বিতীয় দিনে বন্দরে ফেরার পথে তাকে পেরোতে হয়েছে জ্বলন্ত এলপিজি ক্যারিয়ার ‘তারা গ্যাস’-এর পাশ দিয়ে। পিউয়ের ভাষায়, আকাশের দিকে আগুনের গোলা উঠছিল, জাহাজের চারপাশের পানিও যেন জ্বলছিল, আর বাতাসে ছিল রাসায়নিক ও পোড়া ধোঁয়ার তীব্র গন্ধ। নিরাপত্তার কথা ভেবে টানা না সাঁতরে তিন দিনে ধাপে ধাপে মোট সাড়ে ছয় ঘণ্টায় নিজের চ্যালেঞ্জ শেষ করেন তিনি।


সাধারণ মানুষের চোখে হরমুজ প্রণালি মানেই তেল পরিবহনের ব্যস্ত রুট, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের এক-পঞ্চমাংশ যেত এই পথ দিয়েই। এরপর থেকে ইরানের পাতা মাইন আর পাল্টাপাল্টি হামলায় ডজনখানেক ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে গত মাসেই ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী একটি জাহাজ বিস্ফোরিত হয়ে আগুনে পুড়েছে।

কিন্তু পিউয়ের চোখে এই প্রণালি প্রকৃতির এক অমূল্য রত্নভাণ্ডার। নৌকায় আসার পথেই একঝাঁক ডলফিন পিছু নিয়েছিল তার, পানিতে দেখা মিলেছে কচ্ছপ আর অসপ্রে পাখির। যুদ্ধের আগে ওমান উপকূলে সাঁতার কাটার সময় শত শত কচ্ছপ দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। আজ সেই স্বচ্ছ জলে ছড়িয়ে পড়ছে ট্যাংকারের বিষাক্ত তেল আর রাসায়নিক, যা প্রবালপ্রাচীর, ম্যানগ্রোভ বন আর সামুদ্রিক প্রাণীদের জন্য ডেকে আনছে প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ানোর মতো অভিশাপ।


গত ৪০ বছর ধরে উত্তর মেরু থেকে লোহিত সাগর, ইংলিশ চ্যানেল কিংবা ২০২৩ সালে ৫০৭ কিলোমিটার দীর্ঘ হাডসন নদী সাঁতরে পরিবেশের পক্ষে জনমত গড়ে চলেছেন পিউ। তার এই অভিনব লড়াইকে অনেকেই মজা করে ডাকেন ‘স্পিডো ডিপ্লোমেসি’ নামে, যার হাত ধরে ইতিমধ্যে সাগরের ৩৫ লাখ বর্গকিলোমিটারের বেশি এলাকা সংরক্ষণের চুক্তি হয়েছে। তবে এবারের বার্তাটা আরও সরাসরি, আরও তীক্ষ্ণ। সাগর থেকে উঠে এসে বিশ্বনেতাদের উদ্দেশে পিউয়ের সোজাসাপ্টা কথা—যুদ্ধ থামান, হরমুজ প্রণালি খুলে দিন, আর সাগরের এই বিষাক্ত দূষণ পরিষ্কার করুন।

তথ্যসূত্র: গালফ নিউজ

 

 

একাত্তর/এআরএস
ভিক্টোরীয় যুগে গঠিত এক অধ্যাত্মিক ও যৌন-উপাসক গোষ্ঠী 'অ্যাগা পিমোনাইটস'-কে ঘিরে শতাব্দীরও বেশি সময় পর আজও বিশ্বজুড়ে অদম্য কৌতূহল রয়েছে। ইংল্যান্ডের সমারসেটের ব্রিজওয়াটারের কাছে স্প্যাক্সটনের...
ইসলাম এমন এক জীবনব্যবস্থা যা মন, আত্মা ও দেহের পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে উৎসাহিত করে ও ভালোবাসে। পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস পর্যন্ত সর্বত্রই পরিচ্ছন্নতার...
কথিত এক চীনা গুপ্তচরসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহ পরই নাটকীয়ভাবে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরে এসেছেন জেনসেন হুয়াং।...
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপে পৌঁছাবেন।...
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর উত্তেজিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর