চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হতে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল eduboardresults.gov.bd এই ওয়েবসাইট এবং স্ব-স্ব শিক্ষাশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দুই লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
