ঢাকার বিমানবন্দরে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

রাজধানীর একসময়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাত দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৪০) থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন শেখ আসলাম। তার বিরুদ্ধে ‘স্টপলিস্ট’ বা দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে ফ্লাইট থেকে যাত্রা বাতিল করে আটক করে। পরে রাত আড়াইটার দিকে তাকে ডিবির তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, নিউ মার্কেট এলাকার টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুইডেন আসলামকে। আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তার চূড়ান্ত গন্তব্য ছিলো মালয়েশিয়া। হয়তো ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি আমরা যাচাই করে দেখছি।

ডিবির কর্মকর্তারা জানান, সম্প্রতি সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। এছাড়া রাজধানীতে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি ‘টর্চার সেল’ পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে পুলিশ। চলতি বছরের ১৪ এপ্রিল তেজগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও (মামলা নম্বর-২২) দায়ের করা হয়েছিলো। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশের সাঁড়াশি তৎপরতা শুরু হলে তিনি দেশ ছাড়ার চেষ্টা করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুরস্কার ঘোষিত দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম ছিলেন শেখ আসলাম। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার ঘটনার মধ্য দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন।

নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিলো তার হাতে। সে সময় ছদ্মবেশে চলাফেরা ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার কারণে অপরাধজগতে তিনি আলোচিত ছিলেন। তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। সেখান থেকেই তার নামের আগে ‘সুইডেন’ যুক্ত হয়।

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর ওই বছরের ২৬ মে গ্রেপ্তার হন আসলাম। ২০০৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেলেও চার মাস পর ২০০৫ সালের ৩১ জানুয়ারি আবারও গ্রেপ্তার হন। এরপর টানা সাড়ে ১৯ বছর কারাভোগ করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের তিন সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা হয়েছিলো এবং কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিলো।

 

একাত্তর/এসি
রাজধানীর মতিঝিল থানার একটি চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা ওরফে বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাবি করা হচ্ছে, সুব্রতর...
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সোমবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হতে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। রোববার (২২...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর