দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে নিয়ে। আকাশচুম্বী জনপ্রিয়তা আর ৪৪-এর কোঠায় বয়স হলেও এখনো ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী। তবে টলিউড (দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি) পাড়ায় এখন জোর হাওয়া- অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি!

দীর্ঘদিন ধরেই আনুশকার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। মাঝেমধ্যেই শোনা যায় তাঁর বিয়ের গুঞ্জন, আবার তা মিলিয়েও যায়। তবে এবার গুঞ্জনটি বেশ জোরালো। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য দীর্ঘদিনের চাপের মুখে নতি স্বীকার করেছেন অভিনেত্রী। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে নাকি ইতিবাচক সায় দিয়েছেন তিনি।

অনুশকা শেঠির নাম নিলেই অবধারিতভাবে সামনে চলে আসে ‘বাহুবলী’ তারকা প্রভাসের নাম। পর্দায় তাঁদের রসায়ন দেখে ভক্তরা নিশ্চিত ছিলেন যে তাঁরাই বাস্তব জীবনের জুটি। যদিও বরাবরই একে অপরকে কেবল ‘ভালো বন্ধু’ বলে দাবি করে এসেছেন তাঁরা। মাঝখানে এক ভারতীয় চিকিৎসকের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, কোনো অভিনেতা বা চিকিৎসক নন, বরং এক নামী ব্যবসায়ীর গলায় মালা পরাতে পারেন এই সুন্দরী।

কয়েকমাস আগেও যখন তাঁর বিয়ের খবর রটেছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিরক্ত প্রকাশ করেছিলেন আনুশকা। কিন্তু এবার তিনি মুখে কুলুপ এঁটেছেন। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস- বিয়ের প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে বেশ গোপনেই।

আনুশকা ভক্তরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন একটি আনুষ্ঠানিক ঘোষণার দিকে। এবার কি তবে সত্যিই দেবসেনার মনের দুর্গে প্রবেশ করতে চলেছেন কোনো রাজপুত্র? না কি বরাবরের মতো এটিও কেবল গসিপ কলামের এক টুকরো মুখরোচক খবর হয়েই থেকে যাবে, তা সময়ই বলে দেবে।
