রাজধানীর আমিন বাজার এলাকার তুরাগ নদে বালু ভর্তি কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হলো।
শনিবার (৯ অক্টোবর) সকাল নয়টার দিকে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধারে অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম একাত্তরকে জানান, আজ সকালে একটি নৌকা ডুবির খবর পেয়েছেন তারা। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
স্থানীয়রা জানায়, তুরাগ নদে বালু ভর্তি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় সাতজন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন: ভাইকে বাঁচাতে গিয়ে অতলে হারালো বোনটিও
আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একাত্তর/এসি
