সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে সম্প্রীতি মিছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচীসহ নানা প্রগতিশীল সংগঠনের ব্যানারে সারাদেশে চলছে প্রতিবাদ। এছাড়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে সম্প্রীতি সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'সম্প্রীতি সমাবেশ'
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও সারা দেশে এই কর্মসূচি পালন করছে। সকাল থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীরা উপস্থিত হতে শুরু করেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন
সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগ সম্প্রীতি মিছিল করেছে। বেলা সাড়ে ১১টায় মিছিলটি শহরের কালী মন্দির থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহমেদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন
সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় ঘন্টা কালীন মানববন্ধন থেকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন অবিলম্বে এমন ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক শাহিন সিদ্দিকী, নিভা রাণী সরকার এবং জিয়াউল হক বাবলা সহ অন্যরা। এছাড়া সকাল ১১ টায় আওয়ামী ও লীগ সম্প্রীতি মিছিল। মিছিলটি শহরের সাতমাথা মজিব মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের আয়োজন করে। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পূজামণ্ডপে হামলা এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে মানববন্ধন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও পূজামণ্ডপে হামলা এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে ১০টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বৃষ্টির কারণে অশ্বিনী কুমার টাউন হলে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ কর্মসূচীর একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়।

নোয়াখালীর চৌমুহনীতে হিংসা বিদ্বেষ ও সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সমাবেশ অনুষ্ঠিত। সভার আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

সিরাজগঞ্জ থেকে একাত্তরের প্রতিনিধি জানান, ‘হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান” এই শ্লোগানে সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের চৌরাস্তা নাজমুল চত্বরে সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদের সভাতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌড়, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদউদ্দিন পবলুসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সকল ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একাত্তর/এআর
