করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ১৯৮ জন। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন।
এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪৯৯ জনের। আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১,০০৩ জন। তবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। মারা গেছেন এক হাজার ১৭৮ জন আর সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত আর তৃতীয়তে ব্রাজিল।
ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমলো
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১১ জনের, যা আগের দিনের চাইতে প্রায় ৩০ শতাংশ কম।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ আট হাজার ১৪০ জন।
দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণের রাজ্য কেরালাতে ৬ হাজার ৪৪৪ জন। দৈনিক মৃত্যুও সবচেয়ে বেশি এ রাজ্যে ১৮৭ জন।
আরও পড়ুন: জেলহত্যায় দণ্ডিতদের গ্রেপ্তারে কমিশন ঘটনের দাবি
আর গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে মৃত্যু হয়েছে ৩১১ জনের। সব মিলিয়ে করোনা মহামারীতে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৯১ জন মারা গেছেন।
আক্রান্ত কম হতেই পুরো ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৫১ হাজার ২০৯ জন।
শিশুদের জন্য ফাইজারের টিকায় সায় দিলো আমেরিকা
পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন এফডিএ'র পর এবার এ টিকা ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।
এ বয়সসীমার শিশুদের তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে। দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সের প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু রয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ থেকে ১১ বছরের ১৮ লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
এফডিএ জানায়, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের বেলায় ফাইজারের কোভিড টিকা ৯১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
এদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ১৬ থেকে ২৫ বছর বয়সিদের মতোই প্রায়। তা ছাড়া বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
একাত্তর/আরএইচ
