দেশে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টারডোজ প্রদান। যারা ফ্রন্টলাইনে কাজ করেন এবং যারা বয়স্ক তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের থেকেই করোনা বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা ফ্রন্ট লাইনে কাজ করেন এবং যারা বয়স্ক তারা অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের মধ্যে বুস্টার ডোজ পাবেন। বাকিরা পরবর্তী সময়ে পাবে।’
আরও পড়ুন: কাজী আনোয়ার নন 'মাসুদ রানা'র মালিক আব্দুল হাকিম: হাইকোর্ট
এছাড়া যারা এখনও টিকা নেননি তাদের টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের টিকা দেয়াটাও সরকারের অগ্রাধিকার তালিকায় বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে সারাদেশে আড়াই হাজার টিকাদান বুথ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে আরও এক হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এসব বুথ করা হয়ে গেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও সহজ হবে বলেও জানান মন্ত্রী।
একাত্তর/এআর
