২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী, যা উত্তীর্ণের মোট সংখ্যার আট দশমিক ১৮ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ফলাফল ঘোষণা করেন।
এদিন সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরে পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ফল দেখার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
শেষ খবর পাওয়া পর্যন্ত দিনাজপুর বিভাগে পাশের হার ৯৪.৮০ শতাংশ, সিলেটে ৯৬.৭৮, কুমিল্লায় ৯৬.২৭, বরিশালে ৯০.১৯, চট্টগ্রামে ৯১.১২, যশোরে ৯৩.০৯ ও ঢাকায় ৯৩.১৫, রাজশাহীতে ৯৪.৭১, ময়মনসিংহে ৯৭.৫২ শতাংশ।
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৮৮.৪৯ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৯৩.২২ শতাংশ। সকল শিক্ষাবোর্ডে পাশের হার ৯৩.৫৮ শতাংশ।
গতবার পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ। অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ।
এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
অপরদিকে এবার দেশে একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেননি এমন স্কুলের সংখ্যা ১৮টি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
এ বছর পরীক্ষার্থী ছিল মোট ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। এবারের এসএসসি ও সমমানে ছাত্রদের চেয়ে প্রায় এক লাখ ৭০ হাজার ৮৭৮ জন বেশি ছাত্রী ছিল।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
একাত্তর/এসি
