সিরাজগঞ্জে হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি সিরিয়াল কিলার এছার উদ্দিন ওরফে এছার ডাকাতকে গ্রেপ্তার করেছে পিবিআই।
সোমবার (১৭ জানুয়ারি) পিবিআই সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, পেশাদার খুনী ও আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য এছার উদ্দিন আশুলিয়ার বাইপাইলে অবস্থান নিয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও ভাড়াটে খুনী হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।
এছার নাটোর জেলার বরাইগ্রামের ভবানী পুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গত ২০২০ সালের নভেম্বর মাসে পেঁয়াজ ব্যবসায়ীকে খুন করে হাটিকুমরুলে লাশ রেখে যাওয়ার মূলহোতা বলে স্বীকার করেছে সে।
২০২০ সালের ১৭ নভেম্বর একটি ডাকাত চক্রের হয়ে পেঁয়াজবোঝাই ট্রাক ডাকাতির উদ্দেশ্যে এছার ও তার এক সহযোগী নাটোরে আসেন। ওইদিন সন্ধ্যায় দুই ব্যবসায়ীর সাথে পেঁয়াজসহ ট্রাকে ওঠে ছয় ডাকাত।
আরও পড়ুন: চার মাসের শিশুকে হত্যায় প্রতিবেশীর যাবজ্জীবন
পরে নাটোরের নলডাঙ্গা থানার লক্ষীকোল গ্রামের ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৮) খুন ও অপর ব্যবসায়ী শামচুল হককে (৪০) মারধর করে সলঙ্গা থানার পাটধারীতে ফেলে রেখে চলে যায় তারা।
এরপর ডাকাতি করা পেঁয়াজ গাজীপুরে বিক্রি করে তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করলে নিহত নুর মোহাম্মদের বোন জামাই জাকির হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
পরবর্তী সময়ে সিরাজগঞ্জ পিবিআই খুন ও ডাকাতির মূলহোতা ডাকাত এছারকে শনাক্ত করে। গত ১১ জানুয়ারী কুমিল্লা কারাগারে আটক থাকা অবস্থায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখনো হয়।
পরে আদালতের দেয়া পাঁচদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যা ও ডাকাতির ঘটনা পিবিআইয়ের কাছে স্বীকার করে এছার। পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপারএসব কথা জানান। এসময় পিবিআইয়ের অন্যান্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকক্টনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
একাত্তর/টিএ
