সড়কের যানজট এড়াতে নতুন প্রকল্প চালু করেছে অস্ট্রেলিয়া। রাজধানী ক্যানবেরা থেকে পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন হবে এ প্রকল্প।
ব্যবহার হচ্ছে ক্যামেরা, সেন্সর, ব্লুটুথসহ আধুনিক প্রযুক্তি। এছাড়া, গণপরিবহন ও বাইসাইকেল ব্যবহারে সাধারণকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সড়কের লালবাতির সিগনালে আটকা পড়ে ক্লান্ত? দীর্ঘ যানজটে চরম বিরক্ত? জনগণকে এ সংকট থেকে মুক্তি দিতে পারে অস্ট্রেলিয়ার নতুন যানজট নিরসন প্রকল্প।
রাজধানী ক্যানবেরায় যানবাহন নজরদারিতে চালু হয়েছে এ পদ্ধতি। চালকরা সবসময় থাকবেন ক্যামেরায় নজরদারিতে। তবে বিষয়টি তাদের গোপনে অনুসরণ করা নয়।
ক্যামেরার মাধ্যমে তথ্য-ছবি পাঠানো হবে যানবাহন ব্যবস্থাপনা বিভাগে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেগুলো পর্যবেক্ষণ, বিশ্লেষণ করবেন।
কোনো ব্যবস্থা নেয়ার থাকলে নেবেন। সড়ক দুর্ঘটনাসহ অন্য যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি দ্রুত জানিয়ে সহায়তা চাইবেন।
ব্লুটুথের মাধ্যমে গাড়ির ইউটার্ন অনুসরণ করা হবে। প্রথম ইউটার্ন থেকে দ্বিতীয় ইউটার্নের মাঝখানে কতো সময় লাগলো তা জানা যাবে। সড়কে গাড়ির চাপ, গতি পরিমাপ করা হবে।
মে মাসে শতাধিক ক্যামেরা আর সেন্সর বসানো হবে। নতুন পদ্ধতিতে চালকরা সড়কের সার্বিক পরিস্থিতি জানতে পারবেন।
করণীয় সম্পর্কে তাদের পরামর্শও দেয়া হবে। এ পদ্ধতিতে যানজট এড়ানো যাবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।
আরও পড়ুন: ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল দেখলো দিল্লি
নির্মাণ কাজের জন্য ক্যানবেরার প্রধান দুটি সড়ক বন্ধ করে দেয়া হবে। ইতোমধ্যে সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে।
ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল ব্যবহারে সাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুরো পদ্ধতিটি কতোটা কার্যকর তা পর্যবেক্ষণে একটি বিভাগ খোলা হয়েছে। তথ্য অভিজ্ঞতা ইতিবাচক হলে পুরো অস্ট্রেলিয়ার যানবাহন ব্যবস্থাপনায় এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে।
