নরসিংদী রায়পুরায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় এমএফ আইডিয়াল মডেল হাই স্কুলের শিক্ষার্থী।
রোববার (২২ আগস্ট) বিকেল ৪ টায় লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযুক্তের বন্ধু একই এলাকার সেলিম মিয়ার ছেলে শাওন (১৮) কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীকে উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ওই ছাত্রী সহপাঠীদের সাথে স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বান্ধবীদের সঙ্গে হাঁটছিলেন ওই শিক্ষার্থী। হাঁটতে হাঁটতে তারা স্থানীয় একটি কুঁড়ার মিলের কাছাকাছি আসলে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়।
লোচনপুর বাজারের সিসিটিভি ফুটেজে দেখা যায়- বেলা ৩টা ৫২ মিনিটে প্রাইভেট কারটি বাজার অতিক্রম করে সামনে চলে যায়। ৩টা ৫৮ মিনিটে সেই শিক্ষার্থী সহপাঠীদের সাথে বাজার অতিক্রম করে বাড়ি যাচ্ছেন। ৪টা ৪ মিনিটে সাদা রঙের প্রাইভেটকারটি বারৈচা বাজারের দিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে ডিবি পুলিশসহ বিষয়টি নিয়ে কাজ করছি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বন্ধুকে থানায় নিয়ে আসা হয়েছে।
একাত্তর/এআর
