ফুটবল বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। এসময় গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। খবর আল-জাজিরার।
দেশটির পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, মরক্কোর কাছে ২-০ গোলে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছি। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলকে আবারো কঠিন সময় দিতে প্রস্তুত সুইসরা
বেলজিয়ামের পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরে বলেন, দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে আমরা জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহারের সিদ্ধান্ত নিই। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি শান্ত হয়। তবে উত্তেজনা রয়েছে এমন জায়গাগুলোতে পুলিশি টহল জারি রাখা হয়েছে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। মেগা টুর্নামেন্টে সেটিই ছিল তাদের সেরা পারফরম্যান্স। বর্তমানে ফিফা র্যাংকিংয়েও দুই নম্বরে রয়েছে দেশটি।
একাত্তর/এসি
