গাইবান্ধায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি নওগাঁ ১৬ ব্যাটালিয়নে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আলম জানান, গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী সিএনজিচালিত অটোরিকশার সাথে অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হাবিলদার মোস্তাফিজারের মৃত্যু হয়।
আরও পড়ুন: কাজ না করেই টাকা মেরে দিয়ে প্রকল্প কর্মকর্তা কারাগারে
তিনি আরও জানান, পথচারীরা আহতদের উদ্ধার করে ওসমানপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
