কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা নারী ধরা পড়ার পর তাদের পুলিশের নিকট সোপর্দ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১’র ডি ব্লকের সৈয়দ আহম্মদের কন্যা আদিজা ওরফে খুরশিদা আক্তার (১৯) ও ২৭ নং ক্যাম্পের ব্লক-৯’র তৈয়ব আলীর কন্যা হাসিনা আক্তার বেবি (১৮)।
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেন জানান, হাসিনা কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের ঠিকানায় ও আদিজা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ঠিকানার জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন। এসময় তাদের কথাবার্তায় মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদেরকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আটককৃতরা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সৌদি আরবে যাবার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলেও জানান ওসি।
একাত্তর/জো
