উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো জানিয়েছে, রাশিয়া যুদ্ধক্ষেত্রের অচলাবস্থা ভাঙতে ইউক্রেনের ওপর ভারী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে। এরইমধ্যে সীমান্তের কাছে ফাইটার জেট এবং হেলিকপ্টার একত্রিত করছে মস্কো।
ন্যাটো কর্মকর্তারা মঙ্গলবার জানান, রুশ বিমান মোতায়েনের অর্থ হবে, যত দ্রুত সম্ভব ইউক্রেনে বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছানো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাশিয়া তার আগ্রাসনের প্রথম বার্ষিকীতে আক্রমণ জোরদার করবে। খবর রয়টার্সের।
মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন, এই মুহুর্তে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং আরও অস্ত্র না পাওয়া পর্যন্ত আমরা চাপ দিতে থাকবো, কারণ সেখানে ঝুঁকি রয়েছে।
অস্টিন আরও বলেন, আমরা জানি রাশিয়ার যথেষ্ট বিমান আছে... এবং অনেক সক্ষমতা বাকি আছে।
আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত
তিনি যোগ করেন, আমরা নিশ্চিত করতে চাই যে, রাশিয়া যুদ্ধে তার বিমান বাহিনী প্রবর্তনের সিদ্ধান্ত নিলে তাদের নিজেদের রক্ষা করার ক্ষমতা আছে।
দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ন্যাটোর গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে ফিক্সড-উইং এবং রোটারি বিমান জড়ো করছে।
কর্মকর্তাদের একজন টাইমসকে বলেছেন, রাশিয়ার স্থল বাহিনীর বেশ ক্ষয়প্রাপ্ত হয়েছে তাই এটি সেরা ইঙ্গিত যে তারা এটিকে একটি বিমান যুদ্ধে পরিণত করবে।
তিনি সবাইকে সতর্ক করে জানান, যদি ইউক্রেনীয়রা বাঁচতে চায়- তাদের যতটা সম্ভব বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং গোলাবারুদ প্রস্তুত করতে হবে।
একাত্তর/আরবিএস
