বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতীকের মেয়র প্রার্থী মেয়র প্রার্থী আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
এছাড়া সিটির সাত নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কেন্দ্রের ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেছেন, কাউনিয়া মাদরাসা কেন্দ্রে অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও বাকি সব কেন্দ্রেই সুষ্ঠু ভোট হচ্ছে। তবে সেই ঘটনায় যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। হাতপাখার প্রার্থীর ওপর হামলার অভিযোগেও ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে বরিশালের ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু আছে।
তিনি আরও বলেছেন, পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে।
সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটি ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বরিশালে র্যাব-বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।তবে অন্যায় যারা করেছে তারা ছাড় পাবে না।
আরও পড়ুন: ইভিএমে কোথাও কোথাও ধীর গতি, তাৎক্ষণিক সমাধান: ইসি
তিনি জানান, এখন পর্যন্ত আনুমানিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসি কমিশনার বলেন, হাতপাখা পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছে বলে শুনেছি। কিন্তু ভোট চলাকালে কোনো সমাবেশ হতে পারে না। এ বিষয়ে আমরা এখন বসে ব্যবস্থা নেবো।
এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা অভিযোগ পেয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও নগর পুলিশের কমিশনার চাঁদমারীতে প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে দেখা করেছেন।
এসময় পুলিশ কমিশনার বলেছেন, তৃতীয় কোনো পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে তার ওপর হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।
অপরদিকে ফয়জুল করিম আশ্বস্ত করেছেন, তার সমর্থকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেনা।
একাত্তর/এসি
