রাজবাড়ীর গোয়ালন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র রবিনের মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গোয়ালন্দের ক্যানেল ঘাট এলাকায় শাখা পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শিশু রবিন।
এরপর ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা ছয়টায় নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার রফিকের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে ক্যানেল ঘাট এলাকায় নানাবাড়ির পাশের শাখা পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শিশু রবিন। অন্যরা গোসল করে কিনারায় আসলেও রবিন স্রোতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন।
আরও পড়ুন: মোহনায় কোস্টগার্ডের অভিযানে লাখ মিটার জাল জব্দ
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারকাজ করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। অবশেষে ৩২ ঘণ্টা পর শিশুটির মরদেহ ভেসে উঠে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
