ব্র্যাক ব্যাংকের পর এবার ইভ্যালিসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেন বন্ধ করলো ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ জুন) ব্যাংক দুইটি তাদের গ্রাহকদের মুঠোফোনে এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, ব্যাংক কার্ড গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার (২২ জুন) প্রথম ব্র্যাক ব্যাংক এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করে।
এ বিষয়ে জানতে চাইলে দুই ব্যাংকের জনসংযোগ কর্মকর্তারা জানান, এটি সাময়িক পদক্ষেপ। আজ বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলে আজ রাতেই সেবা চালু হতে পারে।
ব্র্যাক ব্যাংকের মতো ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংকের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালী, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউ-ডটকম, বুমবুম, আদেন মার্ট ও নিডস।
একাত্তর/আরএইচ
