যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর: এপি।
ওয়াশিংটন পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম টেলর ট্যারান্টো (৩৭)। তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি ও ইউএস নেভির সাবেক সদস্য।
পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এসময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও জানান, তার গাড়ি তল্লাশি করে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও মলোটোভ ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তিনি ওই এলাকায় ভুলক্রমে যাননি বলেও নিশ্চিত হয়েছেন তারা।
আরও পড়ুন: কোরআন পোড়ানোর ঘটনায় বাগদাদে সুইডিশ দূতাবাসে ঢুকে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে ২০২১ সালের ৬ জানুয়ারি। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। তারা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
একাত্তর/জো
