সরকারের বেঁধে দেয়া ৩৫ টাকা কেজিতে কোথাও বিক্রি হচ্ছে না আলু। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কিছু কিছু জায়গায় মানা হলেও সরকারের বেঁধে দেয়া দামে তেমন কোথাও-ই বিক্রি হতে দেখা যাচ্ছে না পেঁয়াজ ও ডিম।
নতুন করে বাড়েনি ব্রয়লার ও সোনালি মুরগির দাম। তবে দাম বেড়েছে সবজির।
শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
সরকারের নির্ধারণ করে দেয়া দাম অনুযায়ী চট্টগ্রামের বাজারগুলোতে ডজনে প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। ৬৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।
প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে কেজিতে ৫০ টাকায়। অথচ সরকার দাম নির্ধারণ করে দিয়েছে ৩৫ টাকা।
বিক্রেতারা জানান, আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা। আর করলার কেজি ৮০-৯০ টাকা।
এছাড়া ঢেড়শ, বরবটিসহ কয়েকটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
