বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা মানরা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন জানান, অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তার দাবি, এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাইসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে।
এদিকে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানে নিয়েছেন। সড়কে রয়েছে পুলিশ ও র্যাবের টহল।
বিএনপির তিনদিনের অবরোধ শুরু, ঢাকায় যান চলাচল স্বাভাবিক
রূপগঞ্জে ককটেল বিস্ফোরন, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার দুই
পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, আহত ২০