ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজ সচেতনতা কর্মসূচি ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ প্রচারাভিযানের মাঠপর্যায়ের কার্যক্রম শেষ হয়েছে। এ কর্মসূচির মধ্যদিয়ে শিক্ষার্থীরা সারাদেশে তাদের নিজ নিজ এলাকায় মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম চালিয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচালনায় ১১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬৭৭ জন শিক্ষার্থী ১০১টি গ্রুপে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঁচশ'র বেশি সমাবেশ করেছে।
পঞ্চগড় থেকে কক্সবাজার -দেশের প্রায় সব জেলা ও উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় শ্রেণিসভা, মন্দির, গির্জা, মহল্লায় ও বাড়িতে উঠানসভায় কিশোর-কিশোরী, শিক্ষক, যুবসমাজ, বৃদ্ধ ও নারীসহ সব শ্রেণিপেশার মানুষকে সামজিক ব্যাধিগুলো প্রতিরোধে উৎসাহ যুগিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মাঠপর্যায়ের এই প্রচারণার সব জায়গায় স্থানীয়রা আগ্রহভরে সমাবেশে অংশ নিয়েছেন। তারা আন্তরিকভাবে অনেক প্রশ্ন করেছেন এবং তাদের নিজ নিজ এলাকায় মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক সমস্যাগুলোর প্রকৃত চিত্র তুলে ধরেছেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল আলম চৌধূরী পারভেজ বলেন, এবার ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ কর্মসূচির মাঠপর্যায়ে কার্যক্রমের দারুণ সফলতা সমাজ উন্নয়নে এক বড় অগ্রগতি। এতে শিক্ষার্থীরা আপ্লুত আর আয়োজক হিসেবে আমাদেরও আস্থা বেড়েছে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামাজিক বৃত্তি ২০২৩ এর আওতায় তৃতীয়বারের মতো পরিচালিত ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ কর্মসূচির সহযোগী হয়েছে কয়েকটি ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠান। আগামীতে আরও করপোরেট প্রতিষ্ঠানকে কর্মসূচির সহযোগী হওয়ার আমন্ত্রণও জানান তিনি।
আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, শিক্ষা ও সামাজিক উদ্যোগের বৃত্তি শিক্ষার্থীকে প্রচলিত আর্থিক সহায়তা বা উপহার দেয়া নয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের গ্রাম কিংবা নিজের এলাকায় সমাজ পরিবর্তন উদ্যোগের চর্চা করছে এবং আগামীদিনে সমাজের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
‘ঢাবি অ্যালামনাই বৃহত্তর ঐক্যে শিক্ষা-সমাজ উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে’