ভারতের উত্তরাখণ্ডের একটি টানেলে প্রায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা ৪১ জন নির্মাণ শ্রমিককে উদ্ধারে চলমান অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) প্রধান অতুল কারওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান। খবর আল আজিরার।
অতুল বলেন, একটি ড্রিলিং মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হয়েছিল। তবে মেশিনটি আবার পুরোদমে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, উদ্ধার কাজ দ্রুত শেষ হবে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, আটকে পড়া শ্রমিকদের থেকে ১০ মিটারেরও কম দূরত্বে ছিলেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবারই তাদের উদ্ধারের কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে একটি ড্রিলিং মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখতে হয় উদ্ধারকাজ।

উদ্ধারকারীরা এখন যেখানে অবস্থান করছেন সে দেয়ালের অপর প্রান্তেই আটকে পড়া শ্রমিকরা রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ৪৫ মিটার গর্ত খনন করা হয়েছে। পাথরে গর্ত করার পাশাপাশি সেই গর্তে উদ্ধারকারীদের বের করে আনার জন্য ঢালাই করা পাইপ ঢোকানো হচ্ছে। ওই শ্রমিকদের জন্য ৪১টি বেডের একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। তাদের বের করে আনা মাত্রই ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে।
এর আগে গত ১২ নভেম্বর ভোরে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন ওই টানেলে ধসের ঘটনা ঘটে। ভেতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাদের উদ্ধারের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। সুড়ঙ্গের যে অংশে শ্রমিকেরা আটকে আছেন, কিছুতেই সেখানে পৌঁছতে পারছিলেন না উদ্ধারকারীরা। এতদিন পাইপ দিয়েই শ্রমিকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছিল খাবার এবং অন্যান্য দরকারি জিনিসপত্র।
রাশিয়ার সহায়তায় 'গোয়েন্দা উপগ্রহ' উৎক্ষেপণ উত্তর কোরিয়ার