মাদারীপুরে টমেটো কেনা নিয়ে বিবাদমান দুই গ্রুপের মারামারিতে ছুরিকাহত এক তরুণ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।
শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১৪ জানুয়ারি বিকেলে শিবচরের কাদিরপুরে ওকোলদ্দিন মুন্সী কান্দি গ্রামের বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত আট জন। তাদের মধ্যে ঢাকায় পাঠানো হয় পাঁচ জনকে।
নিহত তরুণের নাম শাকিল মাতুব্বর (১৭)। সে জেলার শিবচর উপজেলার কাদিরপুরের ওকোলদ্দিন মুন্সী কান্দি গ্রামের বাচ্চু মুন্সীর ছেলে।
শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, টমেটো কেনার সময় ফারুক মুন্সীর সঙ্গে প্রতিপক্ষ বাসার মৃধার কথাকাটি হয় হয়। ওই ঘটনার জেরে স্থানীয় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শাকিলসহ দুই পক্ষের আট জন গুরুতর আহত হয়।
আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়।
তিনি আরও জানান, দুই পক্ষে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।
