দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে দেশজুড়ে সহিংসতায় ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৩ জুলাই) দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি শহরে লুটপাট এবং ভাংচুর করেছে বিক্ষোভকারীরা। সহিংসতা দমনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ১২ জনকে চিহ্নিত করে ১ হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
আরও পরুন: জুমার মুক্তির দাবিতে সহিংসতা চরমে
এর আগে সোমবার (১২ জুলাই) সোয়েতো শহরে একটি শপিং মলে লুটপাট চলাকালে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর খবর আসে। এছাড়া কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান মসজিদে একটি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আরও পড়ুন: অবশেষে আত্মসমর্পণ করলেন জ্যাকব জুমা
বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে নব্বইয়ের দশকের পর থেকে দেশটিতে চলা সবচেয়ে জঘন্য সহিংসতা বলে আখ্যা দিয়েছেন।
গত ২৯ জুন জ্যাকব জুমাকে দক্ষিণ আফ্রিকার আদালত ১৫ মাসের কারাদণ্ড দেন। রায়ে পাঁচদিনের মধ্যে যেকোনো থানায় তাকে আত্মসমর্পণ করার সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৮ জুলাই তিনি আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
