আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে আন্তঃনগর ট্রেনের আট এপ্রিলের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগাম ও ফেরত যাত্রার টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শুক্রবার সকাল আটটা থেকে বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। আর দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রীরা ঈদে আগাম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী কিনতে পারবেন সর্বাধিক চারটি। এই টিকেট ফেরত দেওয়া যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার হতে বিক্রি করা হবে। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে জানা গেছে, আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকেট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকেট বিক্রি করছে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকেট বিক্রি শুরু হয়েছে গত ২৪ মার্চ।
এর আগে তিন এপ্রিলের টিকেট বিক্রি হয়েছে ২৪ মার্চ, চার এপ্রিলের টিকেট বিক্রি হয়েছে ২৫ মার্চ, পাঁচ এপ্রিলের টিকেট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ছয় এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ এবং সাত এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৯ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৩০ মার্চ।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রয় করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
