আফগানিস্তানে হঠাৎ বন্যায় নারী, শিশুসহ কমপক্ষে ৬০ জন মারা গেছে। এখনো নিখোঁজ আছে শতাধিক মানুষ। নুরিস্তান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে এই বন্যার সৃষ্টি হয়।
বন্যায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে অনেক বাসিন্দা এখনো কাদা ও বিধ্বস্ত ঘরবাড়িতে আটকে আছেন। সব মিলিয়ে প্রদেশটির পরিস্থিতি ভয়াবহ।
নুরিস্তানের বন্যা কবলিত এলাকায় এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে অসংখ্য বাসিন্দা পাশের প্রদেশ কুনারে পালিয়ে গেছেন।
তবে তালেবান দাবি করেছে, তারা ইতিমধ্যেই বন্যার্তদের উদ্ধারে নিজেদের জনবল পাঠিয়েছেন এবং ৬২ হাজার ডলারের ত্রাণ তহবিলেরও ঘোষণা দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নুরিস্তানের কামদেশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র এই গোষ্ঠীর লড়াই এখনো চলছে।
ভারি বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় এই এলাকায় স্বাভাবিক সময়েই পৌঁছানো বেশ কঠিন। সংঘর্ষের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরপরও উদ্ধারকারী দল সেখানে যেতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: দাবানলে পুড়ছে তুরস্কের কয়েকটি শহর, নিহত তিন

আফগান সরকার বলছে, কমপক্ষে ৬০ জন মারা গেছে। তবে তালেবান বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১৫০।
প্রতিবছরই আফগানিস্তানে ভারি বৃষ্টিপাত এবং তার ফলে সৃষ্ট বন্যায় অসংখ্য লোক মারা যায়। মরু প্রবণ এলাকা হবার কারণে, দেশটিতে বাঁধের সংখ্যা কম। তাই ভারি বৃষ্টি হলেই অল্প সময়ের মধ্যেই তলিয়ে যায় অনেক এলাকা।
একাত্তর/আরএ
