হঠাৎ অসুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার ভোর চারটার পর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন তাকে কারাগারে নেওয়া হয়। এরপর উচ্চ আদালতে আপিল করলে সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। পরে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়।
এরপর কিছুদিন বিএসএমএমইউ’র প্রিজন সেলে থাকার সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। করোনাভাইরাসের সংক্রমণের সময় গুলশানের বাসা ও দেশেই চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজা ও এভারকেয়ারে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তিন মহানগরে বিএনপির চার নতুন কমিটি