পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ড. ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান। উপস্থিত ছিলেন সরকারের অন্যান্য কর্মকর্তারা।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা এই নোবেলজয়ীকে বরণ করতে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতি নেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি এবং তার বন্ধু শুভানুধ্যায়ীরা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান। বিমানবন্দর টার্মিনালের বাইরে অনেকে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন তাকে বরণ করার জন্য।

বিমানবন্দরে পৌঁছে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাঁদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। এ সময় তাঁকে ক্রন্দনরত দেখায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
ড. ইউনূসসহ নতুন সরকারের অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে।
রাতে শপথ নেবেন ড. ইউনূস