অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে।
তিনি প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পারিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
রোববার রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষাথীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী।
শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের বিষয়ে মাহফুজ আলম বলেন, ছাত্ররা তাদের মতামত জানিয়েছেন। নানা সংস্কার কাজে হাতে দেওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টা তাদের অবহিত করেছেন। সরকারের অন্যান্য উপদেষ্টারা মতামত দিয়েছেন।
তিনি বলেন, ঢাকা ও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জনের মত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এখানে শুধু সমম্বয়কই শুধু নয়, যারা আন্দোলনে বিভিন্ন স্থানে নেতৃত্বে ছিলেন তারা ছিলেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেছেন, তারা যেন অন্তত মাসে একবার তাদের মতামত জানান।
সরকার পতন আন্দোলনে নিহতদের স্মরণে একটি ফাউন্ডেশনের কাজ চলছে মাহফুজ বলেন, তার মাধ্যমে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের রাষ্ট্রীয় সুবিধা ও সম্মান নিশ্চিতের বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।
ইউনূস-মোদী বৈঠক প্রস্তাব ঢাকার, এখনও সিদ্ধান্ত দেয়নি দিল্লি