বাংলাদেশ-ভারত টি টোয়েন্টি ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। ওই খেলার দিন গোয়ালিয়র শহরে বনধ ডেকেছে তারা।
আর খেলা পরিত্যক্ত করা না হলে গোয়ালিয়র স্টেডিয়ামের 'ক্ষয়ক্ষতি' করারও হুমকি দিয়েছে সংগঠনটি।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দু মহাসভার দাবি, গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর 'নিপীড়ন' করা হয়েছে। আর ওই ঘটনার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।
টেস্ট সিরিজের পর আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে কানপুরেও কর্মসূচি ঘোষণা করে হুমকি দিয়ে আসছে হিন্দুত্ববাদী সংগঠনটি। ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
আর এরি মধ্যে গোয়ালিয়রে বনধের কর্মসূচি দিলো তারা। হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ গণমাধ্যমকে বলেছেন, ম্যাচের দিন গোয়ালিয়র বনধ চলবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বনধের আওতামুক্ত থাকবে।
ভরদ্বাজের দাবি, বাংলাদেশে এখনও হিন্দুদের উপর 'নিপীড়ন' অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলা ভারতের সঠিক কাজ হবে না।
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
মার্কিন নির্বাচনের আগে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া