আর্থিক লেনদেন নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয় অপহরণ নাটক। ছেলেকে পাঠানো হয় আত্মগোপনে। পরে ২৪ বছরের যুবককে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে করা হয় অপহরণ মামলাও। তবে দেড় বছরের বেশি সময় পরে এই নাটকে খান্ত দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার করা হয়েছে আত্মগোপনে থাকা যুবককে।
বৃহস্পতিবার রাজধানীর আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
তার নাম তারভীর (২৪)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরায় পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলাম এবং রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিউলকে ফাঁসাতে শহিদুল তার ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। পরে ছেলের বয়স কম দেখিয়ে ২০২৩ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ চার জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে পিবিআই মামলাটির তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে তানভীরকে আটক করে।
মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ২৪ বছর। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর।
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার